সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবৈধ মদের ঠেকে হানা দিয়ে কারবারীদের কান ধরিয়ে সতর্ক করল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রকাশ্যে অবৈধ বাংলা মদের ব্যবসা চলছিল। সন্ধ্যা নামলেই এলাকায় সমাজবিরোধীদের ভিড় এবং মদ্যপদের উৎপাতে নিত্য সমস্যার সম্মুখীন হতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে মহিলাদের। এছাড়াও অবাধে মদ বিক্রির জেরে এলাকার যুব সমাজের একাংশ বিপথে চালিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় পৌঁছে অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেন।
বিজেপি কর্মীদের দাবি, অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল উদ্ধার হয়। এরপর অভিযুক্ত মদ কারবারীদের সতর্ক করা হয় এবং অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তা না হলে, পুলিশকে দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী দেওয়া হয়।


















