সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- বিশ্ব শান্তির বার্তা নিয়ে কয়েক হাজার কিলোমিটারের সাইকেল যাত্রা। দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্যামা প্রসাদ শর্মা।
তবে এই প্রথম বার দুঃসাহসিক যাত্রা নয়। এর আগেও বিভিন্ন বার্তা নিয়ে ভারতবর্ষের নানান জায়গায় সাইকেল যাত্রা করেছেন দুর্গাপুরের শ্যামাপ্রসাদ। এদিন শ্যামাপ্রসাদ জানান, এবার বিশ্ব শান্তির বার্তা নিয়ে তার রাজস্থান যাত্রা। একইসঙ্গে তার ইচ্ছে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা। এই বিষয়টি দেখার জন্য এদিন তিনি আবেদন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুয়ের কাছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন,” আগামী ৪ দিন আমি বিধানসভায় থাকবো। তার মধ্যে চেষ্টা করবো যাতে শ্যামা প্রসাদ শর্মা মুখমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন।”
রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন শ্যামা প্রসাদ। তাকে শুভকামনা জানিয়ে তার হাতে জাতীয় পতাকা তুলে দেন বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। শুভকামনা জানাতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ আরও অন্যান্যরাও।


















