নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলা সাহিত্যের সাম্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী প্রতি বছর ১৫ই আগস্ট উদযাপিত হয়। তিনি ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। ২০২৬ সাল তাঁর ১০০তম জন্মবার্ষিকী ।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুর্গাপুরে মিত্রমেলা ‘কিশোর বাহিনী’র আয়োজন করল বিশেষ শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান। দুর্গাপুর ইস্পাত অঞ্চলে কিশোর বাহিনীর উদ্যোগে একটি সুসজ্জিত সাইকেল র্যালির আয়োজন করা হয়, যেখানে অংশ নেন বহু কিশোর-কিশোরী ও যুব সদস্য। ফুল ও বিভিন্ন সচেতনতামূলক বার্তায় সজ্জিত সাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা দুর্গাপুর ইস্পাত অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। র্যালির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ, দেশপ্রেম, সমাজসেবা এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বার্তা তুলে ধরা হয়। বিভিন্ন বয়সের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান। রবিবাসরীয় সকালে এই সাইকেল র্যালিকে ঘিরে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে উৎসবের আবহ তৈরি হয়।
কবি হিসেবে পরিচিতি লাভ করলেও কবি সুকান্ত শুধু কবি ছিলেন না। তিনি কবিতা লেখার সাথেই সাথেই বিভিন্ন গান, গল্প, নাটক এবং প্রবন্ধও রচনা করেছিলেন। মাত্র এগারো বছর বয়সে তিনি “রাখাল ছেলে” নামে একটি গীতি নাট্য রচনা করেছিলেন, যেটা পরে “হরতাল” নামক বইতে সংকলিত হয়েছিলো। তাঁর সমস্ত রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- ছাড়পত্র (১৯৪৭), গীতিগুচ্ছ (১৯৬৫), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), প্রভৃতি । পরবর্তীকালে উভয় বাংলা থেকেই “সুকান্ত সমগ্র” নামে তাঁর রচনাবলী প্রকাশিত হয়।


















