সংবাদদাতা,আসানসোলঃ- স্কুলে ঢুকতে না পারার অভিমানে বাড়ি না ফিরে দামোদর নদে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি বরণ করল তিন কিশোর। সোমবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের ডিসেরগড়ে দামোদর নদে তলিয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির তিন পড়ুয়ার। মৃতরা হলো মহঃ নুরুউদ্দিন, তবরেজ আলম এবং আয়ন আখতার।
সূত্র মারফত জানা যায়, সোমবার আটজন বন্ধু মিলে নদের তীরে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে তারা নদে স্নান করতে নামলে গভীর জলে তলিয়ে যায় তিন জন। বাকি বন্ধুরা প্রাণ বাঁচাতে পাড়ে উঠে এলেও তিনজনকে রক্ষা করা সম্ভব হয়নি। কুলটি থানার পুলিশ ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্কুলে প্রবেশে বাধা দেওয়াই এই ঘটনার জন্য দায়ী। অন্যদিকে, পুলিশের প্রাথমিক অনুমান—সাঁতার না জানা ও বিপজ্জনক এলাকায় নামাই এই বিপদের কারণ। যদিও নদীতীরে সতর্কীকরণ বোর্ড থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে। একই দিনে তিন ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভবিষ্যতে এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়াতে নদী সংলগ্ন এলাকায় নিরাপত্তা এবং সচেতনতামূলক প্রচার আরও জোরদার করার প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। ছাত্র-যুবদের জীবনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি।


















