প্রধানের বদলে অফিস চালান স্বামী, প্রধানের অপসারণের দাবি সদস্যদের
সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রধানের বদলে অফিস চালান স্বামী, যিনি আবার এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি। এমনই অভিযোগ তুলে প্রধানের অপসারণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশকে সঙ্গে নিয়ে বিক্ষোভে সরব হলেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা দেখা দেয় বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বিক্ষোভকারী তথা পঞ্চায়েত সদস্যরা দাবি করেন, প্রধানের দেখা মেলে না পঞ্চায়েত অফিসে। বদলে তাঁর স্বামী সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। এর ফলে গত ১৬ মাস ধরে পুনিশোল গ্রাম পঞ্চায়েতের পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। এলাকায় থমকে গিয়েছে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ। এছাড়া প্রধানের বিরুদ্ধে একাধিক আর্থিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে।
বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা জানান, প্রধানের এই স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁরা আগেই অনাস্থা প্রস্তাব এনেছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই অনাস্থা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই অবশেষে তারা এদিন গ্রামবাসীদের নিয়ে পুনিশোল পঞ্চায়েত অফিসের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভের খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওন্দার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

















