সংবাদদাতা,পুরুলিয়াঃ- সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের বেআইনি গৃহশিক্ষকতার বিরুদ্ধে আন্দোলন জোরদার করল প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিটিডব্লিউএ)।
আজ সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর নিকট একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের সঙ্গে সরকারি বিধি লঙ্ঘন করে গৃহশিক্ষকতা পরিচালনা করছেন বলে অভিযোগ থাকা একাধিক স্কুল শিক্ষকের নাম-সহ বিস্তারিত তালিকা জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দেওয়া হয় এবং প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।
প্রতিনিধিদল জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মরণ করিয়ে দেয় যে, এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছে এবং শিক্ষা দপ্তরও প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশ্যেই সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের বহু শিক্ষক গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন, যা শুধু সরকারি বিধির পরিপন্থী নয়, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
সংগঠনের রাজ্য কমিটির সহ-সম্পাদক সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন বলেন “আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন। সরকারি বেতনভুক্ত শিক্ষক যদি সরকারি বিধি অমান্য করে গৃহশিক্ষকতা করেন, তবে তার প্রভাব শুধু ছাত্র-ছাত্রী বা অভিভাবকদের উপরই পড়ে না, লক্ষ লক্ষ সৎ ও পূর্ণকালীন গৃহশিক্ষকের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইন সবার জন্য সমান—এই নীতির ভিত্তিতেই আমরা আদালতের নির্দেশ এবং সরকারি বিধির কঠোর বাস্তবায়ন দাবি করছি।”
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কেবল পুরুলিয়া নয়, রাজ্যের প্রতিটি জেলায় একইভাবে তথ্য-প্রমাণসহ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ও গণতান্ত্রিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।


















