নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ১ জুলাই ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটিকে জাতীয় ডক্টরস ডে বা ডাক্তার দিবস হিসেবেও পালন করা হয়। বিখ্যাত চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়-এর প্রতি সম্মান জানাতে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে।
দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে এদিন এই শহরের রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উদযাপন করা হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন সমর্থিত আইএনটিইউসি গুরু নানক অফিসে একটি রক্তদান শিবির ও একটি চক্ষুদান শিবিরের আয়োজন করে। পাশাপাশি শিবিরে রক্তে শর্করার মাত্রাও পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল।
শিবিরে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর স্টিলের ডিরেক্টর-ইন-চার্জ সুরজিৎ মিশ্র এবং ইডিএইচআর সুস্মিতা রায়। তাঁরা শিবির ঘুরে দেখেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন। ডিরেক্টর-ইন-চার্জ সুরজিৎ মিশ্র নিজে রক্তদান করেন।
এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিইউসি-র যুগ্ম সচিব রজত দীক্ষিত, দেবাশিস চৌধুরী, রানা সরকার, পরেশ কর্মকার এবং অন্যান্য শ্রমিকরা।
এদিনের শিবিরে চল্লিশজন রক্তদাতা রক্তদান করেন। শিবির থেকে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মেন হাসপাতাল বা ইস্পাত হাসপাতাল কর্তৃপক্ষ।

















