নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু দুর্গাপুরের বেসরকারি কারখানায়। ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভে সামিল হয় মৃতের আত্মীয়-পরিজন ও সহকর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে।
জানা গেছে কোকওভেন থানা এলাকার ডিপিএল প্রশাসনিক ভবন সংলগ্ন ওই কারখানায় এদিন কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক অস্থায়ী শ্রমিক। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এরপরই শ্রমিকের দেহ কারখানা প্রাঙ্গণে রেখে ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারী মৃতের সহকর্মীদের অভিযোগ, কারখানার অস্থায়ী শ্রমিকদের জন্য ইএসআই সহ অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বা শ্রমিক কল্যাণমূলক সুযোগ-সুবিধার কোন ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরেই অনিশ্চিত ও অসুরক্ষিত পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনার ব্যবস্থা করে। পাশাপাশি শ্রমিক মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে।


















