নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সলরের স্ত্রীর অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ঘিরে বিতর্ক। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে বার্ষিক আয় দেখানো হয়েছে ৬০ হাজার টাকা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির।
দুর্গাপুর নগর নিগমের তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ও প্রাক্তন প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদব। তাঁর অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে পারিবারিক আয় হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র যাদব। তাঁর দাবি তিনি বর্তমানে বেকার। তাঁর কোনও আয় নেই। ফলে আয় নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রসঙ্গত একসময় তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন ধর্মেন্দ্র যাদব। তিনি দুর্গাপুর নগর নিগমের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরে মেয়র পরিষদ সদস্য হন। এবং দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যানও করা হয় তাঁকে।
অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। বিষয়টি প্রশাসনের তদন্ত করা উচিত বলে দাবি করেন তিনি।


















