সংবাদদাতা,সালানপুরঃ- বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আছড়া এলাকা বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় উভয় পক্ষের বহু কর্মী আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত আছড়া পঞ্চায়েত এলাকায় একটি বাড়ির সামনে দুটি পিকআপ ভ্যান থেকে সামগ্রী নামানোকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, রাতে গাড়ি থেকে কী নামানো হচ্ছে তা জানতে চাওয়ায় তৃণমূলের পল্লব তেওয়ারি ও রনি তেওয়ারি তাদের ওপর আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়।
তৃণমূলের পাল্টা দাবি, পল্লব তেওয়ারির নিজস্ব স্কুলের বই-খাতা নামানোর সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠি, রড নিয়ে তাদের ওপর চড়াও হয়, পল্লবকে গুরুতর জখম করে এবং একটি বাইকে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে হিমশিম খেতে হয়। তৃণমূল নেতা পল্লব তেওয়ারি সরাসরি বিজেপি নেতা চিন্ময় তেওয়ারীর বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন।
যদিও চিন্ময় তেওয়ারী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্থানীয় মানুষ তৃণমূলের দীর্ঘদিনের সন্ত্রাসের জবাব দিয়েছে। তিনি আইন নিজের হাতে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, জাতীয় কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতণ্ডী ঘটনাস্থলে পৌঁছে উভয় দলেরই সমালোচনা করে রাজ্যে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।


















