নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ব্লাস্ট ফার্নেসে পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম শেখ শহিদুল(২৬)। তিনি দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, শুক্রবার রাতের শিফটে দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করছিল শহিদুল। তখনই রড ভেঙে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেলের মধ্যে পড়ে যান তিনি।
মৃত শ্রমিকের সহকর্মী মনোজ রুইদাস জানান, তাঁরা দু’জনে একসঙ্গে কাজ করছিলেন। তিনি কিছুক্ষণ বাইরে বিশ্রাম নিতে গিয়েছিলেন। ফিরে শহিদুলকে খুঁজে পাননি। পরে জানতে পারেন, সে ল্যাডলের মধ্যে পড়ে মারা গিয়েছে। তিনি বলেন, “ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আমি দেখিনি। তবে মনে হচ্ছে, কোনও রড ভেঙে যাওয়ায় তিনি নিচে পড়ে যান।”
মৃতের সহকর্মীদের দাবি দেহ দগ্ধ হয়ে এমনভাবে কুণ্ডলী পাকিয়ে গিয়েছিল, যা দেখে চেনার উপায় ছিল না।
ভয়াবহ এই দুর্ঘটনার পর নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। কারখানার বাইরে বিক্ষোভে সামিল হয়ে তাঁরা ক্ষতিপূরণের দাবি তোলেন। পরিবারের একজন সদস্যকে অবিলম্বে অস্থায়ী চাকরি ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি ও শ্রমিক নিরাপত্তার বিষয়টি আরাও জোরদার করারও দাবি জানান।



















