eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে বিজেপি ও রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

আসানসোলে বিজেপি ও রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সংবাদদাতা,আসানসোলঃ- আগামী ২১ জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে শনিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কীর্তি আজাদ এবং জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

​এদিন সংগঠনের শক্তিবৃদ্ধি ও বুথস্তরে কর্মীদের সক্রিয় করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সমাবেশ সফল করতে জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কলকাতার কর্মসূচিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মেয়র বিধান উপাধ্যায়সহ দলের একাংশ নেতা। ওয়াকিবহাল মহলের মতে, তাঁদের এই অনুপস্থিতি দলের অন্দরের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

​বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি ও রাজ্য প্রশাসনকে। তিনি অভিযোগ করেন, পুলিশকে ব্যবহার করে বিরোধী কর্মীদের হেনস্থা করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বর্তমানে ‘পুলিশি রাজ’ চলছে। তাঁর দাবি, এদিনও বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে হামলার চেষ্টা চালিয়েছিল, কিন্তু তৃণমূলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

​দলত্যাগী নেতা ও জনপ্রতিনিধিদের নিশানা করে কল্যাণ বলেন, দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি রাজ্যে মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হন। এছাড়া, প্রকাশ চিক বরাইকের দলবদলসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজেপি ও তাদের রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

সবশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, তৃণমূল মানুষের সমর্থন নিয়েই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে এবং ২১ জুলাইয়ের সমাবেশ সর্বাত্মকভাবে সফল হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments