eaibanglai
Homeএই বাংলায়রথযাত্রায় ২ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদের প্রস্তুতি দুর্গাপুরে ইসকনের

রথযাত্রায় ২ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদের প্রস্তুতি দুর্গাপুরে ইসকনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ১৮ বছর ধরে দুর্গাপুরে ইসকনের উদ্যোগে শহরে মহা সমারোহে পালিত হয়ে আসছে রথ যাত্রা উৎসব। প্রতি বছরই হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে রথের পথ। এবারও দুর্গাপুর ইসকনের উদ্যোগে শুরু হয়ে গিয়েছে রথ যাত্রার প্রস্তুতি। এবারের রথ যাত্রা উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ইস্পাত নগরীর আকবর রোডের স্কুল ময়দানে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়িতে (গুন্ডিচা মন্দির) তুলে ধরা হচ্ছে শ্রীরামের জীবনদর্শন। ভারতীয় আদর্শের অন্যতম প্রতীক শ্রীরামের জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। আর এই বিশেষ প্রদর্শনী উপলক্ষ্যে এবার ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই প্রায় ২ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করেছে ইসকন কর্তৃপক্ষ।

দুর্গাপুর ইসকনের প্রধান সেবাইত ঔদার্য্য চন্দ্র দাস জানান, পুরীর ঐতিহ্য অনুসারে খাঁটি ঘি ব্যবহার করে ১৬টি উনুনে কাঠের জ্বালে ভোর থেকে রাত পর্যন্ত একটানা মহাপ্রসাদ রান্না হবে। গত বছর প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ভক্তের সমাগমের পর এবছর প্রায় ২ লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রথের দিন মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আকবর গার্লস স্কুল মাঠে পৌঁছাবে। উৎসব উপলক্ষে ৬০০ বর্গফুটের বিশেষ রামলীলা প্রদর্শনী, রামায়ণ কুইজ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। উল্টোরথের দিন পুরীর ঐতিহ্য অনুযায়ী সোনাবেশ, অধরপনা এবং লক্ষ্মীদেবীর মানভঞ্জন পর্বের মাধ্যমে ‘নীলাদ্রি বিজয়’-এর বিশেষ আচার সম্পন্ন হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments