সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- সোমবার রাজ্যে ৬০টি রথযাত্রা কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার রথযাত্রা কমিটিকে এই অনুদান প্রদান করা হয়। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটির হাতেও এই অনুদান তুলে দেওয়া হয়।
এই উপলক্ষ্যে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং অনুদানপ্রাপ্ত রথযাত্রা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন অনুদান নিয়ে জেলাশাসক জানান, অনুদানের জন্য আরও বেশ কয়েকটি আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলির তদন্ত ও যাচাই সম্পন্ন হওয়ার পর রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
পাশাপাশি তিনি আরও জানান, সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা করে যেখানে বেশি মানুষের সমাগম হয়, সেই স্থানগুলিতেই হেল্প ডেস্ক স্থাপন করা হবে। সেখানে প্রশাসনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্বে থাকবেন। হেল্প ডেস্কে পানীয় জল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ রাখা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পান। এছাড়াও মুখ্যমন্ত্রীর আহ্বান অনুযায়ী গাছ বিতরণেরও ব্যবস্থা করা হবে। প্রশাসনের লক্ষ্য, রথযাত্রা উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।

















