সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ভারতের নবীনতম ” গ্র্যান্ডমাস্টার” হিসেবে স্বীকৃতি পেলেন পূর্ব রেল কর্মী বছর ২২-এর আরণ্যক ঘোষ। পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেস প্রশাসনিক কর্মব্যস্ততার মাঝে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন আরণ্যক। ব্যাংকক চেস ক্লাব ওপেনে শেষ নর্ম পূরণ করে ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার এই দাবাড়ু। টুর্নামেন্টে ৯ রাউন্ডে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে যৌথভাবে শেষ করেন তিনি। এই সফলতার ফলে আরণ্যক ভারতের ৯৫তম এবং পশ্চিমবঙ্গের ১২তম গ্র্যান্ডমাস্টার হিসেবে তালিকায় চলে এলেন। যা ক্রীড়া ইতিহাসের পাতায় তাঁর নাম চিরস্থায়ীভাবে খোদাই করে দিল।
প্রায় চার বছরের দীর্ঘ অপেক্ষার পরে স্বপ্নপূরণ বাংলার দাবাড়ুর। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪০১ নম্বরে থাকা আরণ্যক প্রথম জিএম নর্ম পান ২০২৩ সালে স্যান্টস ওপেনে। পরের বছর দ্বিতীয় নর্ম পান অ্যানেমাস মাস্টার্সে। ২০২৫ ফিডে বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। হারিয়েছিলেন পোল্যান্ডের মাতেউস বার্টেলকে। যদিও শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন লেভন অ্যারোনিয়ানের কাছে।
তবে তাঁর লড়াই শুধু দাবার বোর্ডে নয়, নিজের সঙ্গেও। থ্যালাসেমিয়ার বাহক হওয়ায় ক্লান্তি মাঝেমধ্যেই শরীরে থাবা বসায়। কিন্তু কোনও বাধাই লক্ষ্যচ্যূত করতে পারেনি তাঁকে।
আরণ্যকের দাবা খেলার শুরু বাড়িতেই মাত্র চার বছর বয়সে। বাবা মৃণাল ঘোষ নিজে দাবাড়ু ছিলেন, পরে আরবিটার হন। ছেলের স্বপ্ন পূরণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবার যেন সেই জীবনসংগ্রামেরই প্রতিদান দিলেন আরণ্যক।
পূর্ব রেল আরণ্যক ঘোষকে কুর্নিশ জানাল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি উল্লেখ করেন যে, আরণ্যকের এই সাফল্য নিরলস পরিশ্রম এবং নিরব সাধনার ফল, যা রেল পরিবারের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।


















