সংবাদদাতা,কলকাতাঃ- দ্বিতীয় তথা শেষ দফার ভোটে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। আর এই কেন্দ্রে বুথ পরিদর্শনে বেরিয়ে তৃণমূল কর্মীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ উত্তেজনা চরম আকার ধারণ করে। এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী । কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ ও ‘চোর’ স্লোগান দিতে শুরু করে। অভিযোগ ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরাও। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। ব্যাপক ধস্তাধস্তির মাঝে শুভেন্দুকে কার্যত কর্ডন করে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন কেন্দ্রীয় জওয়ানরা।
ঘটনায় শুভেন্দু অধিকারী বহিরাগতদের দ্বারা আক্রমণের অভিযোগ তোলেন । অন্যদিকে, কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে শুভেন্দু ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। অন্যদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।


















