নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাস্তায় জমে থাকা কাদা-জল ছিটকে গায়ে লাগাকে কেন্দ্র করে বচসা ও তার জেরে পাওয়ার গ্রিড কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে দুর্গাপুরের ইউটিউবার জুটির স্থান হল শ্রীঘরে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া চণ্ডীদাসের বাসিন্দা ৩৪ বছর বয়সী ইউটিউবার মৌটুসী মণ্ডল এবং তাঁর ৩০ বছর বয়সী পুরুষ সঙ্গী অনিল রায়কে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ করে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মৌটুসীকে আসানসোল সংশোধনাগারে এবং অনিলকে দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। ৪১ বছর বয়সী পাওয়ার গ্রিড কর্মী পূর্ণব্রত বেহেরা কোম্পানির গাড়িতে করে দুর্গাপুরের পারুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে রাস্তার একটি গর্তে জমে থাকা কাদা-জল গাড়ির চাকার ধাক্কায় ছিটকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকের আরোহীদের গায়ে লাগে। এর পরেই ক্ষিপ্ত হয়ে মোটরবাইক আরোহী ওই ইউটিউবার ও তাঁর সঙ্গী সরকারি গাড়িটি আটকান এবং চালক ও আরোহীর সঙ্গে তীব্র বচসা শুরু করেন। অভিযোগ, বচসা চলাকালীন মোটরবাইক আরোহী যুবক হেলমেট খুলে গাড়ির চালকের মুখে থুতু ছিটিয়ে দেন। অভিযোগ এরপর আচমকাই মৌটুসী মণ্ডল রাস্তার পাশ থেকে একটি ভারী পাথর তুলে পাওয়ার গ্রিড কর্মী পূর্ণব্রতবাবুর মাথায় সজোরে আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় পূর্ণব্রতবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর নিউ টাউনশিপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত দুই ইউটিউবারকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১১৫(২), ১১৭(২), ১১৮(২), ১০৯(২), ১২৬(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।