নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পালা বদলের পর বিজেপির শ্রমিক সংগঠন (বিএমএস) ভারতীয় মজদুর সংঘের তৎপরতা শিল্প শহর দুর্গাপুরে। বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে।
প্রসঙ্গত রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে । রাজ্যজুড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর দখলের ঘটনা ঘটছে। এই প্রেক্ষিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মরত অস্থায়ীরা শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনরকম রাজনৈতিক হিংসার শিকার না হন সেদিকে নজর রাখতেই এদিন ডিএসপি কারখানার সামনে বিএমএস-এর তরফ থেকে মাইকিং করে শ্রমিকদের সচেতন করা হয়। বিএমএস-এর তরফ থেকে আবেদন করা হয় কর্মক্ষেত্রে শ্রমিকরা কোনরকম হিংসার বা অসুবিধা যেমন গেট পাস কেড়ে নেওয়া, এই ধরণের সমস্যার সম্মুখীন হলে যেন বিএমএস এবং পুলিশের দ্বারস্থ হন। এমনকি মজুরি সংক্রান্ত কোন সমস্যা ও শ্রমিক শোষনের বিরুদ্ধে বিএমএস পাশে দাঁড়াবে বলে জানানো হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়।


















