সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- চুরি যাওয়া আইফোন ব্যবহার করে প্রায় দেড় লক্ষ টাকা লোপাট। সাইবার প্রতারণার শিকার দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক সুব্রত ভট্টাচার্য।
জানা গিয়েছে, গত ১৫ আগস্ট তাঁর আইফোন-১৬ চুরি হয়ে যায়। এরপর ১১ জুন তাঁর অন্য একটি মোবাইলে একটি এসএমএস আসে, যেখানে দেখা যায় তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার দফায় ১ লক্ষ টাকা এবং অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক দফায় ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
ডাঃ সুব্রত ভট্টাচার্যের দাবি, তিনি কোনও টাকা তোলার অনুমতি দেননি। তাঁর অনুমান, সাইবার অপরাধীরা তাঁর চুরি হওয়া আইফোন থেকে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এই প্রতারণা করেছে।
ঘটনার পর তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ।
বিশেষজ্ঞদের পরামর্শ, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক বা হোল্ড করার পাশাপাশি মোবাইল সংস্থার মাধ্যমে সিম কার্ড ও নম্বর ব্লক করতে হবে। এতে অপরাধীরা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আর্থিক প্রতারণা করতে পারবে না।


















