নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিটিপিএস বা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংস্থার সম্প্রসারনের কাজ শুরু করেছে ডিভিসি। প্রায় ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ ৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আগে সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা। অত্যাধুনিক হাসপাতাল, স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি ও রাস্তা গড়া হচ্ছে।
প্রথম পর্যায়ের কাজ শুরু আগেই ডিভিসির উদ্যোগে তৈরি হয়েছে হাসপাতাল এবার উদ্বোধন হল স্মার্ট স্কুলের। যেটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। এলাকার শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠ দেওয়া হবে এই প্রাইমারি স্কুলে।
বৃহস্পতিবার অত্যাধুনিক স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন করলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার।উপস্থিত ছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের ২ পরামর্শদাতা দিলীপ অগস্তি ও তথাগত পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি।
ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন,”নতুন ইউনিট তৈরির কাজ চলছে। তার আগে নতুন স্কুল তৈরি হলো। এলাকার দুস্থ পড়ুয়ারা বিনা পয়সায় পড়াশোনা ও খেলাধুলা করতে পারবে।”
অন্যিদকে নতুন স্কুলের উদ্বোধন ঘিরে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের মতে এবার থেকে এলাকার শিশুরা ফ্রিতে উচ্চমানের পঠানপাঠনের সুবিধা পাবে।



















