নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। হিন্দু রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটিকে জগন্নাথ দেবের শুভ আবির্ভাব বা জন্মতিথি হিসেবেও গণ্য করা হয়। হিন্দুধর্মে এই স্নানযাত্রার গুরুত্ব অপরিসীম। এদিন ১০৮ কলস জল দিয়ে মহাপ্রভু জগন্নাথ, ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে অভিষের করা হয়।
সারা দেশের পাশাপাশি দুর্গাপুরের ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা মহোৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে ভক্তরা উৎসবে যোগ দিতে উপস্থিত হন।
নির্দিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে মহাপ্রভু জগন্নাথ, ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে সুসজ্জিত স্নানবেদীতে প্রতিষ্ঠা করে পবিত্র জল, চন্দন, সুগন্ধি দ্রব্য ও বিভিন্ন উপাচারে মহাস্নান করানো হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ।
ধর্মীয় রীতি মেনে এই স্নান উৎসবের পর ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথ দেবের মন্দির। তবে ওই সময় জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি সম্পন্ন হবে। রথের আগে ফের রাজবেশে জগন্নাথ দেবকে দেখতে পাবেন ভক্তরা।

















