নিজস্ব সংবাদদাতা, শক্তিগড়ঃ- বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম,বাঁকুড়া,পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ বিজেপির কর্মী-সমর্থক কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভিড় জমিয়েছিলেন। এদিকে অনুষ্ঠান শেষে ফেরার পথে শক্তিগড়ে ল্যাংচা, সীতাভোগ ও মিহিদানার দোকানগুলিতে উপচে পড়ল ভিড়।
এমনিতেই বাঙালির খাদ্যরসিক হিসেবে পরিচিত রয়েছে। যে কোনও অনুষ্ঠান সে রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বা ধার্মীয়, খাওয়া দাওয়া ছাড়া উদযাপনের কথা ভাবতেও পারে না বাঙালি। তার উপর এক ঐতিহাসিক শুভ দিন! সেই ঐতিহাসিক মহুর্তের সাক্ষী থেকে বাড়ি ফেরার পথে মিষ্টি মুখ না করলে চলে! কাউকে দেখা গেল মিষ্টির দোকানে বসেই মিষ্টি মুখ করতে ও করাতে। কেউ এই শুভ দিন স্মরণীয় করে রাখতে পরিবারের সদস্যদের জন্য প্যাক করে নিলেন মিষ্টি।
খণ্ডঘোষের বেড়ুগ্রাম অঞ্চলের বিজেপি নেতা কৌশিক দত্ত বলেন, “আজ আমাদের আনন্দের দিন। শুধু কর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করছি না, পাড়া-প্রতিবেশীদের জন্যও মিষ্টি নিয়ে যাচ্ছি।”
অন্যদিকে শক্তিগড়ের মিষ্টির দোকানের মালিকেরা জানালেন সরকার পরিবর্তনের পর থেকেই মিষ্টির বিক্রি বেড়েছে। সকলে আনন্দ করছেন মিষ্টি মুখ করে। কিন্তু আজ হঠাৎ করে চাহিদা অনেকটাই বেড়ে গেছে। চাহিদা অনুযায়ী মিষ্টির যোগান কম পড়ে গেছে।
এদিন মিষ্টির দোকানগুলিতে ল্যাংচা ৫ টাকা ও ১০ টাকা পিস, আর মিহিদানা ও সীতাভোগ বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে।


















