সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব, ব্যবসায়ী সমিতি দখলের চেষ্টা। অভিযোগ, মারধর করা হয়েছে ব্যবসায়ীদেরকে। রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের সবজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পুরো ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল।
এই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি কর্মীদের দিকে। অভিযোগ, গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর বেশ কিছু বিজেপি কর্মীরা দুর্গাপুরের সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে। তাতে প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা প্রশ্ন তোলেন একটি অরাজনৈতিক সংগঠনকে কেন দখল করার চেষ্টা চলছে।
এরপর রবিবার সকালে আবারও মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা সেন মার্কেট ঢুকে তাণ্ডব চালায়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের অভিযোগ, আচমকাই বিজেপির কর্মী-সমর্থকরা সমিতির অফিস দখলের উদ্দেশ্যে জড়ো হয়। ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হয়। এরপর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দুর্গাপুরের সেন মার্কেট।
আক্রান্ত দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা বলেন, “বিজেপিকে আমরা ভোট দিয়ে নিয়ে এলাম। এখন ওরাই আমাদের উপর প্রভাব খাটাচ্ছে। যদি এভাবে সম্পাদকের উপর হামলা হয়, তাহলে সাধারণ ব্যবসায়ীদের উপরও যে কোনও সময় হামলা হতে পারে। বাজার ব্যবসায়ী সমিতি কোনও রাজনৈতিক সংগঠন নয়। সব রাজনৈতিক দলের মানুষই এখানে রয়েছেন। তাহলে কেন এই হামলা হল, তার জবাব চাই। যতক্ষণ না এর বিহিত হচ্ছে, ততক্ষণ বন্ধ থাকবে সেন মার্কেট।”
যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নেই। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। তবে ঘটনার পিছনে বিজেপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।



















