নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া এলাকায়। মৃত কিশোরের নাম শেখ রশিদুল (১৭) জেমুয়া এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে স্থানীয় চাষ জমির পাশে একটি মাচা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শৌচের নাম করে বাড়ি থেকে বের হয় রশিদুল। তারপর আর সে বাড়ি ফেরেনি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয় চাষ জমির পাশে একটি মাচায় কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি কিশোরের গলায় দড়ির ফাঁস লাগানো ছিল ও সেই দড়ি টিনের চালায় বাঁধা ছিল, কিন্তু কিশোরের পা মাটিতেই ছিল। ফলে কিশোরের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।
মৃতের দাদা শেখ রিয়াজুল জানান, বুধবার পানাগড়ের দিকে একটি মেয়ের সাথে যাচ্ছিল। তখন পুলিশ তার ভাইকে আটকেছিল। পড়ে ছেড়েও দেয়। সেদিন রাতে বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছিল তার ভাই। বৃহস্পতিবার বাড়ি ফেরে। মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃত কিশোরের পরিবার।
অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।


















