নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ‘ সাপ-লুডু’ হাতিয়ার করে খেলাচ্ছলে অভিনব প্রচার তৃণমূলের। এদিন দুর্গাপুরে ইস্পাত নগরীর রামকৃষ্ণ এভিনিউ এলাকায় নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এইভাবে খেলাচ্ছলে রাজনৈতিক বার্তা পৌঁছে দিল ভোটারদের কাছে। আর উপহার হিসেবে ‘ সাপ-লুডু’ বোর্ডের পাশাপাশি এইগরমে ভোটারদের ঠান্ডা পানীয় খাইয়ে দুদণ্ড শান্তি দেওয়ার চেষ্টা করা হল।
এদিন তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় পথ চলতি সাধারণ মানুষ ও বাইক গাড়ি দাঁড় করিয়ে চালক ও আরোহীদের হাতে তুলে দেয় ঠাণ্ডা পানীয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় ‘ সাপ-লুডু’খেলার বোর্ড। তবে এ ‘সাপ-লুডু’ সাধারণ ‘সাপ-লুডু’ নয়। লুডুতে সাপের মাথায় বসানো হয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শমিক ভট্টাচার্যের কার্টুন ছবি। আর মই এর ওপরে রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের ছবি।
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি এই খেলার মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিজেপিকে ভোট দিলে বাড়িতে বাড়িতে সাপ ঢুকবে। এভাবে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে । আর মানুষও এতে আনন্দ পাচ্ছে। এতে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক প্রদীপ মজুমদারের উপর এলাকার মানুষের আস্থা বাড়বে বলেও আশা তাদের।
তবে তৃণমূলের এহেন প্রচারকে কটাক্ষ করে বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূলের আর কোনও কাজ নেই, তাই এখন তারা কী করবে তা খুঁজে পাচ্ছে না। লুডু দিয়ে আর যাই হোক মানুষের মন জেতা যাবে না। বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে এবং বিজেপিকেই ভোট দেবে।”
এখন এই সাপ-লুডু’র মাধ্যমে প্রচার মানুষের মন জয় করে ভোটের ফলে প্রভাব বিস্তার করতে পারবে নাকি মানুষ সত্য়ি পরিবর্তেনর লক্ষ্যে ভোট দেবে, তা জানতে সকলের চোখ রয়েছে আগামী ৪ মে উপর।



















