নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকে অবৈধ নির্মাণ ও দখলদারি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। রাজ্য জুড়ে চলছে অবৈধ নির্মাণ ভাঙা ও উচ্ছেদ অভিযান। বাদ নেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল। দুই শিল্পাঞ্চলেই ইতিমধ্যে চলেছে বুলডোজার। এই আবহে শহরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাজার এলাকায় উচ্ছেদের দাবির বিরোধীতা করে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন বাজারের ব্যবসায়ীদের একাংশ।
ব্যবসায়ীদের দাবি শুক্রবার সমীর গড়াই নামে এক ব্যক্তি কয়েকজন বহিরাগতকে নিয়ে বাজারে বিক্ষোভ দেখায়। তার দাবি ছিল, এডিডিএ-র জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত দোকান অবিলম্বে ভেঙে দিতে হবে।
এদিন ওই ঘটনার প্রতিবাদে মামড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে জমায়েত হয়ে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভরত এক ব্যবসায়ী বলেন, “আমরা দোকানদারি করে সংসার চালাই। আমাদের বিরুদ্ধে এভাবে সরব হওয়া এবং এডিডিএ-কে উচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করা কোনওভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
বিক্ষোভকারী ব্যবসায়ীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে ছোটখাটো ব্যবসা করে পরিবার-পরিজনের ভরণপোষণ করছেন। হঠাৎ করে দোকান উচ্ছেদের দাবি তুলে তাদের জীবিকা বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের স্বার্থ ও জীবিকার বিষয়টিও বিবেচনা করার আবেদন জানান তারা।


















