এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

১০ কোটির মানহানি মামলাঃ অন্তর্বর্তীকালীন আদেশ 'দ্য ই-পেপার ডিজিটাল' এর বিরুদ্ধে

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
১০ কোটির মানহানি মামলাঃ অন্তর্বর্তীকালীন আদেশ 'দ্য ই-পেপার ডিজিটাল' এর বিরুদ্ধে

মনোজ সিংহ,  দুর্গাপুর:- হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননাকর সংবাদ সম্প্রচার করার দায়ে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছিল দুর্গাপুরের একটি ডিজিটাল সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে। 'কৌশিক বড়ুয়া' নামে ওই ব্যক্তি 'দ্য ই-পেপার ডিজিটাল' নামে একটি সংবাদপত্র সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন। কৌশিক বাবুর বিরুদ্ধে দুর্গাপুরের মলানদিঘি এলাকার সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি অবমাননা কর সংবাদ পরিবেশনের অভিযোগ এনেছেন দুর্গাপুর সিভিল জজ (সিনিয়র ডিভিশন)-এর আদালতে । সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করে মাননীয় বিচারক তার অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছেন "বিবাদীগণ এবং তাঁদের লোকজন ও প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হচ্ছে যে, তাঁরা যেন বিতর্কিত প্রকাশনাটি—পাশাপাশি মূল পোস্ট থেকে উদ্ভূত অন্য কোনো প্রকাশনা যা তাঁদের দখলে, ক্ষমতায় বা নিয়ন্ত্রণে থাকা কোনো পেজ, চ্যানেল, অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্মে রয়েছে—তা অপসারণ করেন। একইসাথে, ১৩.১১.২০২৬ তারিখ পর্যন্ত (১৬.১০.২০২৬ থেকে ১১.১১.২০২৬) পর্যন্ত পূজা-জনিত ছুটির সময়কালসহ) উক্ত বিতর্কিত প্রকাশনা বা তার কোনো অংশ পুনরায় প্রকাশ, সম্প্রচার বা প্রচার করা থেকে তাঁদের বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।"

উল্লেখ্য, সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ উক্ত ফেসবুক লিঙ্কে (URL: https://www.facebook.com/reel/1385995210263312) প্রকাশিত বিতর্কিত বিষয়বস্তুর স্ক্রিনশটের অনুলিপি, বিতর্কিত বিষয় বস্তুটির বাংলা প্রতিলিপির অনুলিপি, বিতর্কিত বিষয় বস্তুটির ইংরেজি অনুবাদের অনুলিপি, ২৮.০৮.২০২৬ তারিখের আইনি নোটিশের অনুলিপি, উক্ত আইনি নোটিশের স্পিড পোস্ট রসিদ ও কনসাইনমেন্ট ট্র্যাকিং রিপোর্ট, এবং নোটিশসহ ফেরত আসা খামটির (যাতে সংশ্লিষ্ট মন্তব্য বা এনডোর্সমেন্ট রয়েছে) অনুলিপি দাখিল করেছিলেন দুর্গাপুর সিভিল জজ (সিনিয়র ডিভিশন)-এর মাননীয় বিচারকের আদালতে।

সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আইনজীবী ‘বেনামি সম্পত্তি লেনদেন নিষিদ্ধকরণ আইন, ১৯৮৮’-এর ৫৩ ও ৫৪ ধারার উল্লেখ করে, উক্ত আইন অনুযায়ী বেনামি লেনদেন বেআইনি এবং দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তিনি যুক্তি প্রদর্শন করেন যে, সংশ্লিষ্ট ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলো ‘বেনামি লেনদেন’-এর সংজ্ঞার আওতাভুক্ত—যদিও ওই অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী দুটি নজিরের (ruling) উল্লেখ করেছেন:= (১). সৌমেন্দ্র কুমার বিশ্বাস বনাম শেষাদ্রি গোস্বামী ও অন্যান্য, ২০২৩ এসসিসি অনলাইন (SCC OnLine) ক্যাল ৬৮০৪ (২০২৪) ১ সিএইচএন (CHN) ১০৬। (২). গোদরেজ প্রপার্টিজ লিমিটেড বনাম স্প্রাউটস নিউজ ও অন্য একজন, ২০২৫ এসসিসি অনলাইন (SCC OnLine) বোম (Bom) ২৯৮২।

উপরিউক্ত বিষয়াদি বিবেচনা করে মাননীয় বিচারক তার অন্তর্বর্তীকালীন আদেশ ও অভিমত পোষণ করে জানিয়েছেন "সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের (বাদীপক্ষ) এই আদেশটি 'মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড' (Meta Platforms, Inc.) এবং/ অথবা 'মেটা প্ল্যাটফর্মস টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড' (Meta Platforms Technologies India Private Limited) এবং/ অথবা সংশ্লিষ্ট অন্য কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের (intermediary) কাছে পৌঁছে দেওয়ার অনুমতি চেয়েছেন। যার উদ্দেশ্য হলো বিতর্কিত প্রকাশনা এবং এর কোনো অনুলিপি বা এ থেকে উদ্ভূত কোনো বিষয়বস্তু অপসারণ, নিষ্ক্রিয় এবং/ অথবা সেগুলোর অ্যাক্সেস বা প্রবেশাধিকার বন্ধ করা। উল্লেখ্য যে, কোনো উপযুক্ত সংস্থা বা কর্তৃপক্ষের কাছে আদালতের আদেশ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এবং এই পর্যায়ে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদেশ প্রদানেরও প্রয়োজন নেই। তবে বাদীপক্ষের সুনির্দিষ্ট অনুরোধের প্রেক্ষিতে, এই আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য 'মেটা ইনকর্পোরেটেড' (Meta Inc.) ও তাদের সহযোগী কোম্পানি বা সংস্থাগুলোর কাছে এই আদেশটি পৌঁছে দেওয়ার অনুমতি বাদীপক্ষকে প্রদান করা হয়েছে।"

অন্যদিকে সনকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ সুত্র মারফত জানা গেছে 'দ্য ই-পেপার ডিজিটাল' ও তার সম্পাদক 'কৌশিক বড়ুয়ার' বিরুদ্ধে এফ আই আর রুজু  ও ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর একাধিক ধারায় 'ক্রিমিনাল ডিফর্মেশন' করে অবিলম্বে গ্রেফতার করার তোড়জোড় শুরু করে দিয়েছে। সূত্রের মাধ্যমে এও জানা গিয়েছে, 'দ্য ই-পেপার ডিজিটাল' ও তার সম্পাদক 'কৌশিক বড়ুয়াকে আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভবত গ্রেপ্তারির মুখে পড়তে হতে পারে। কারণ তিনি শুধুমাত্র সনকা হাসপাতাল ও মেডিকেল কলেজের সুনামই ক্ষুন্ন করেছেন তাই নয়, ওই হাসপাতালের কর্ণধার পার্থ পোবিকে পরোক্ষে হুমকিও দিয়েছেন, তাঁর উপর ডিম থেরাপি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে পরিবেশিত সংবাদে পার্থ পোবীর সামাজিক সম্মানহানি হয়েছে বলেই আদালতের এক শ্রেণীর আইনজীবীর দাবি। পার্থ পোবি সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত একজন সম্মানীয় ব্যক্তি। তাঁর হাসপাতালে উদ্ভূত একটি অবাঞ্ছিত ঘটনার পর ওই হাসপাতালের মালিকানা নিয়ে প্রশ্ন তুলে একদিকে যেমন কৌশিক বড়ুয়া অত্যন্ত হঠকারী ও নিম্ন রুচির সংবাদ পরিবেশন করেছেন, একই সঙ্গে ডিম থেরাপির মতো হুমকি দিয়ে পার্থবাবুর সামাজিক সম্মানেও আঘাত করা হয়েছে বলে আইনজীবী মহলের দাবি। যদিও অর্থ মূল্যে কারও সামাজিক সম্মান বা প্রতিপত্তি কখনোই পরিমাপ করা যায় না। তবুও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় হলে সে ক্ষেত্রে পার্থ বাবুর হৃত সম্মান কিছুটা পুনরুদ্ধার হতে পারে বলেই তাঁদের দাবি। কোনরকম প্রামাণ্য তথ্য ছাড়াই এইভাবে একটি প্রতিষ্ঠানের কর্ণধারের সামাজিক সম্মান বিনষ্ট করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই আইনজীবীদের একাংশ বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement