সঙ্গীতা চৌধুরীঃ- বহুবছর পর নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ, জেন জি জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়স্ক পাড়ার কাকিমা -সকলেই কাঁদলেন একটি সিনেমা দেখতে গিয়ে! ছবিটির নাম সাধক বামাক্ষ্যাপা। ছবিটি প্রযোজনা করছে এস ভি এফ আর পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।
সাধক বামাক্ষ্যাপাতে সব্যসাচী চৌধুরী রয়েছেন মাতৃসাধক বামাক্ষ্যাপার চরিত্রে, সর্বানন্দ চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন সাহেব চ্যাটার্জী, মা তারার ভূমিকায় রয়েছেন পায়েল দে। রাজকুমারী দেবীর ভূমিকায় মোনালিসা চ্যাটার্জী রয়েছেন। মোক্ষদানন্দ ঠাকুরের ভূমিকায় রয়েছেন সুজয় সিনহা আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন পারমিতা মুখার্জী।
ছবিতে প্রত্যেকটি চরিত্রের অভিনয় অনবদ্য...তবে সবকিছু ছাড়িয়ে গেছে সব্যসাচী আর পায়েলের অভিনয়! দুজনেই যেন সত্যিকারের সাধক বামাক্ষ্যাপা আর মা তারা!
৩ ঘন্টা ১৫ মিনিটের শো থেকে বেরিয়ে দর্শক যখন বলছেন,ছবিটা আর একটু দীর্ঘ হলে ভালো হত, তখন শোনা যাচ্ছে আপকামিং একটি হিন্দি ছবির আসা নিয়ে সাধক বামাক্ষ্যাপা ছবির হল নিয়ে টানাপড়েন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী শুক্রবার যশরাজ ফিল্মসের ছবি "ইয়ে প্রেম মোল লিয়া" র জন্য হল বন্টনের অঙ্ক নিয়ে শুরু হচ্ছে নতুন আশঙ্কা।
এই প্রসঙ্গে সাধক বামাক্ষ্যাপা ছবিতে অভিনয় করা পারমিতা মুখার্জী আক্ষেপ করে বলেন,“নাচে গানে ভরপুর ফুল মস্তির হিন্দি ছবি আসছে......তাই শুক্রবার থেকে সাধক বামাক্ষ্যাপা র জন্য দরজা বন্ধ করে দিচ্ছে বাংলার হল মালিক রা ....এ বাংলায় .... রামায়ণের জন্য কর ছাড় দেওয়া হয় আর সাধক বামাক্ষ্যাপা কে তাড়ানো হয়..... ছিঃ”