সংবাদদাতা,বাঁকুড়াঃ- এক আদিবাসী মহিলাকে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রানি করার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার খাতরা মহকুমার হিড়বাঁধ ব্লক এলাকা। ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আদিবাসী সমাজ। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনের পর তারা হিড়বাঁধ থানা ঘেরাও করার পাশাপাশি বাঁকুড়া-খাতরা ২ নম্বর রাজ্য সড়কের হাতিরামপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। এর ফলে ওই ব্যস্ততম রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
স্থানীয় ও আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, অত্যাচারের এক গুরুতর অভিযোগ নিয়ে গত কাল বিকেল ৫টা নাগাদ ওই আদিবাসী মহিলা আইনি সাহায্যের আশায় হিড়বাঁধ থানার দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, অভিযোগ গ্রহণ করা বা দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে দীর্ঘ ৮ ঘণ্টা বসিয়ে রাখেন। গভীর রাত ১টা পর্যন্ত তাঁকে থানাতেই অপেক্ষা করতে হয় বলে অভিযোগ।
এই চরম হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে প্রতিবাদে সরব হয় আদিবাসী সমাজ। আন্দোলনকারীরা হিড়বাঁধ থানা ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে তাঁদের তীব্র বচসা বাধে। এরপরই ক্ষুব্ধ জনতা হাতিরামপুরে গিয়ে বাঁকুড়া-খাতরা ২ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আন্দোলনকারীদের আরও মারাত্মক অভিযোগ, শুধু ওই আদিবাসী মহিলাকে হেনস্থাই করা হয়নি, বরং যে সমস্ত ব্যক্তি বা সমাজকর্মীরা তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, তাঁদেরও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ।
যদিও এই নির্দিষ্ট অভিযোগ এবং আদিবাসী সমাজের তীব্র বিক্ষোভের বিষয়ে হিড়বাঁধ থানা বা বাঁকুড়া জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এলাকা জুড়ে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।