এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে এবার তৎপর রাজ্য নির্বাচন কমিশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকাকে ভিত্তি করে ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমতিও মিলেছে। কমিশন সূত্রের খবর, কলকাতা ও হাওড়া পুরসভার ভোটার তালিকা এখনও চূড়ান্ত হয়নি। সেই কাজ সম্পূর্ণ করে তালিকা প্রকাশের পরেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য নির্বাচন কমিশন। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
পুরভোটের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভোটার তালিকা চূড়ান্ত করা। সেই কাজেই এখন জোর দিচ্ছে কমিশন। বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকা পুরনির্বাচনে কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ছাড়পত্র আসার পরেই ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ, ভোটের প্রস্তুতি এগোলেও এখনও পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা হাতে আসেনি।
কলকাতায় এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন কলকাতা পুর কমিশনার ও সংশ্লিষ্ট আধিকারিকেরা। কোন ওয়ার্ডে কত ভোটার, তাঁদের নামের তালিকা কী ভাবে চূড়ান্ত করা হবে-সেই প্রক্রিয়া সম্পন্ন করাই এখন কমিশনের সামনে বড় কাজ। হাওড়া পুরসভার ক্ষেত্রেও ভোটার তালিকা প্রস্তুতির কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
তবে শুধু ভোটার তালিকা প্রকাশ করলেই প্রস্তুতি শেষ নয়। কোথায় ভোটগ্রহণ হবে, সংশ্লিষ্ট বুথগুলির পরিকাঠামো কেমন, ভোট পরিচালনার ক্ষেত্রে কী কী ব্যবস্থা প্রয়োজন-সব দিক খতিয়ে দেখার পরেই রাজ্য সরকারকে প্রয়োজনীয় তথ্য জানাবে রাজ্য নির্বাচন কমিশন।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহকে ঘিরেই এখন জল্পনা। ওই সময় কলকাতা ও হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে কমিশন সূত্রে খবর। তবে ভোটের দিনক্ষণ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে পুরভোটের প্রস্তুতি কোন গতিতে এগোয়, তার উপরেই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।