সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- একের পর এক ধসের রেশ কাটতে না কাটতেই এবার অন্ডালের সিদুলি এলাকায় বোরিংয়ের কাজ চলাকালীন মাটির নিচে তলিয়ে গেল যন্ত্রপাতি। সিদুলির প্রধান রাস্তার একেবারে পাশেই এই ঘটনায় বিশাল গর্ত তৈরি হওয়ায় নতুন করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, এলাকার ধস কবলিত বাসিন্দাদের নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে শনিবারই জেলাশাসক, মহকুমাশাসক, ইসিএল-এর সিএমডি ও বিধায়ক পার্থ ঘোষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়; কিন্তু তার পরদিনই এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় চাষি উজ্জ্বল ঘোষের অভিযোগ, তাঁর ধানজমি ও প্রধান রাস্তার একদম কাছেই বোরিংয়ের কাজ চলছিল এবং বারবার জানানো সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এদিন আচমকাই যন্ত্রপাতি-সহ মাটি বসে গিয়ে বড় গর্ত তৈরি হওয়ায় তা রাস্তা ও চাষের জমির দিকে ছড়িয়ে পড়ে বড় বিপদ ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে, বিজেপি নেতা ইন্দ্র সেন রায়ও বাসিন্দাদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।
যদিও এটি কোনো ধসের ঘটনা নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দাবি করেছেন ইসিএলের এজেন্ট পঙ্কজ কুমার ভার্মা। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ভূগর্ভস্থ জলের চাপ কমিয়ে ধস প্রতিরোধ করতেই বালি বাঙ্কারের কাছে বোরিং করা হচ্ছিল, কিন্তু মাটি নরম থাকায় যন্ত্রপাতি বসে গিয়েছে। ইতিমধ্যেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে বলে ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও, পরপর এমন ঘটনায় সিদুলিবাসীর মনে আতঙ্ক কাটছে না।