এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যের মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরিবারের জন্য বড় স্বস্তির খবর আনল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর পাওয়ার আবেদনের সময়সীমা আরও নব্বই দিন বাড়ানো হয়েছে। রাইটার্স বিল্ডিংসের পেনশন শাখা থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। আগে ২৩ মার্চ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল এটি প্রকাশের ১৮০ দিনের মধ্যে যোগ্য নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্কের তথ্যসহ আবেদন জমা দিতে হবে। বকেয়া অর্থ পাওয়ার এই প্রক্রিয়া প্রয়াত কর্মী বা পেনশনভোগীদের নমিনি ও আইনগত উত্তরাধিকারীদের জন্য তৈরি করা হয়েছিল। এর আওতায় রয়েছে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের ডিএ ও ডিআর।
বকেয়া বণ্টনের অগ্রগতি খতিয়ে দেখার পরই প্রশাসনের তরফে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনা করে দেখা গিয়েছে যে প্রয়াত কর্মচারী বা পেনশনভোগীদের নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের একটি বড় অংশ নির্ধারিত ১৮০ দিনের মধ্যে আবেদন জমা দিতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করার ক্ষেত্রে পদ্ধতিগত বিলম্ব হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার পর রাজ্যপাল আরও নব্বই দিনের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন। এই প্রসঙ্গে অর্থ দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, “নথি সংগ্রহের পদ্ধতিগত জটিলতায় বহু পরিবার নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তাই মানবিক দিক বিবেচনা করে আরও নব্বই দিন সময় বাড়ানো হলো।” নতুন করে এই সময় যুক্ত হওয়ায় কাগজপত্রের জটে আটকে থাকা অসংখ্য পরিবার উপকৃত হবেন।
ডিএ বকেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা হেড অফ অফিসের কাছে আবেদন জমা দিতে হয়। অন্যদিকে ডিআর বকেয়ার ক্ষেত্রে আবেদন জমা দিতে হয় পেনশন ডিসবার্সিং অথরিটি বা পিডিএ-র কাছে। অর্থ দফতর জানিয়েছে যে সংশ্লিষ্ট সব হেড অফ অফিস এবং পিডিএ-কে অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা এই বাড়তি সময়ের মধ্যে আসা সমস্ত বৈধ আবেদন গ্রহণ করেন। বিদ্যমান নিয়মকানুন মেনে সেই আবেদনগুলি দ্রুত প্রক্রিয়াকরণ করার কথাও বলা হয়েছে। তবে এই সময়সীমা বৃদ্ধি ছাড়া বাকি আর কোনও নিয়মে বদল আনা হয়নি। ২৩ মার্চ ২০২৬ তারিখের ৭৫-এফ(পেন) নম্বর মেমোতে উল্লেখিত অন্য সব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে আবেদনকারীদের আগের মতোই প্রয়োজনীয় নথিপত্র এবং সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে। নথি সংগ্রহের জটিলতার জন্য প্রয়াত কর্মীদের পরিবার যাতে প্রাপ্য থেকে বঞ্চিত না হন, সে কারণেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।