নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমানের অন্ডালে মঙ্গলবার বিকেলে হঠাৎ ভয়াবহ ধসে আতঙ্ক ছড়িয়েছে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। ঘরছাড়া এলাকার কয়োকশো পরিবার।
ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী কোলিয়ারির মাত্র ২০০ মিটার দূরে নীলকণ্ঠতলার বসতি এলাকাতে এই ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বিকেল তিনটের দিকে আচমকাই ঘরবাড়ি কেঁপে ওঠে এবং এলাকা মুহূর্তের মধ্যেই মাটি বসে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই কয়েকটি বাড়ির মেঝে ও দেওয়ালে ফাটল দেখা দেয় । ধসের আতঙ্কের জেরে ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠে আশ্রয় নেন এলাকার শতাধিক পরিবার।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানায়।
আতঙ্কে অধিকাংশ পরিবার ঘরের আসবাবপত্র ফেলে রেখে হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে কাছের একটি মাঠে আশ্রয় নিয়েছেন। বর্ষার মধ্যে বাড়িঘর ছেড়ে শিশু ও বয়স্কদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে পরিবারগুলি। ফলে চরম বিপাকে পড়ছেন এলাকার মানুষজন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসী । পাশাপাশি, ধসের প্রকৃত কারণ জানতে অবিলম্বে বিশেষজ্ঞদের দিয়ে তদন্তেরও দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে ।
তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও স্থায়ী পুনর্বাসন বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোন কিছু জানানো হয়নি । অন্যদিকে ঘটনায় সংশ্লিষ্ট ইসিএল ও কোলিয়ারি কর্তৃপক্ষের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।