নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের নতুন পল্লি এলাকায় শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই হামলার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি লাল রঙের চার চাকা গাড়িতে চড়ে তিন যুবক নতুন পল্লি এলাকায় পৌঁছয়। অভিযোগ, গাড়ি থেকে নেমে তারা আচমকাই পর পর কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুড়তে শুরু করে। ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।
আক্রান্তদের মধ্যে অন্যতম সঞ্জয় রায় জানান, “আমরা তৃণমূল করি বলেই হয়তো আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি।”
অন্যদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি বলেন, “বিজেপি এই ধরনের অশান্তির সংস্কৃতি সমর্থন করে না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। তবে আমাদের প্রাথমিক অনুমান, এটি আসলে তৃণমূলের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। সুযোগ বুঝে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাচ্ছে। শান্ত দুর্গাপুরকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।”
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে।