সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের বি.বি. কলেজে আরএসএস-পন্থী ছাত্র সংগঠন এবিভিপি-র নাম করে একদল ছাত্রের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ, হাঙ্গামা এবং ভাঙচুরের অভিযোগ ওঠায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সম্প্রতি। বুধবার বিষয়টি নিয়ে আলোচনা করতে কলেজে পৌঁছান আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং অধ্যক্ষের সঙ্গে কথা বলে এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক স্পষ্ট ও কড়া ভাষায় নিজের ক্ষোভ উগরে দেন। কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না দেখিয়ে তিনি সাফ জানান যে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, চলতি মাসের ৪ তারিখের পর থেকে এই ধরনের ঘটনা ক্যাম্পাসে প্রায় পাঁচবার ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এদিন কড়া বার্তা দিয়ে বলেন, "আমরাও একসময় ছাত্র রাজনীতি করেছি এবং শিক্ষকদের প্রতি সম্মান জানানোর পরম্পরা দেখেছি। কেউ যদি ছাত্র হন, তবে তাঁকে ছাত্রের মতোই আচরণ করতে হবে।" কলেজকে শিক্ষার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, "শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের গালিগালাজ, অভব্যতা বা গুন্ডাগিরি মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে, তবে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে"।
বিধায়কের এই কড়া অবস্থান ও নিরপেক্ষ বার্তা ছাত্র সংগঠনগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।