সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ছটপুজোকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে আসানসোলের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উৎসবের দিনগুলোতে ঘাটগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা সুনিশ্চিত করতেই মন্ত্রীর এই বিশেষ তৎপরতা।
এদিন তিনি আসানসোল পৌরনিগমের ৯৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দামোদর ভূতনাথ ঘাটে যান এবং সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। এই পরিদর্শন কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, মহকুমা শাসক সহ পৌর প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
ঘাট পরিদর্শনকালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মূলত ঘাটের সংস্কার কাজ, চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো ও পুণ্যার্থীদের যাতায়াতের সুব্যবস্থার ওপর জোর দেন। উৎসবের দিনগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ঘাটে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। দামোদর ভূতনাথ ঘাটের পাশাপাশি আসানসোলের আরও বেশ কয়েকটি ছটঘাট ঘুরে দেখেন এবং পুজো শুরু হওয়ার আগেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া নির্দেশ দেন মন্ত্রী।