নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় এবং দুর্গাপুর থানা সংলগ্ন এলাকায় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুদেব রায়, দেবেশ চক্রবর্তী, রবিন গাঙ্গুলী, তরুণ চট্টোপাধ্যায়, নিহার মণ্ডল, নিবারণ ঘোষ-সহ কয়েক ডজন দলীয় কর্মী-সমর্থক। অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সুদেব রায় বলেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। নিজের দৃঢ় ইচ্ছাশক্তি, সাহসী সিদ্ধান্ত এবং প্রভাবশালী নেতৃত্বের কারণে তিনি বিশ্বজুড়ে 'আয়রন লেডি অফ ইন্ডিয়া' বা 'ভারতের লৌহমানবী' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ১৯৭২ সালে ইন্দিরা গান্ধিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' প্রদান করা হয়। ১৯৮৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনেও তিনি সফলভাবে সভাপতিত্ব করেছিলেন।
সুদেব রায়ের কথায়, ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবন ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর নেতৃত্বে দেশে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত ও বড় ধরনের পরিবর্তন ঘটেছিল। সবশেষে তিনি উল্লেখ করেন, ইতিহাসে কোনও রাজনৈতিক নেতার মূল্যায়ন শুধুমাত্র তাঁর সাফল্যের নিরিখে করা উচিত নয়, বরং তাঁর সামগ্রিক সিদ্ধান্তের আলোকেই তা বিচার করা প্রয়োজন।