সংবাদদাতা,আসানসোলঃ- শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ আসানসোলের নরসিংহবাঁধ এলাকায় একটি শতাব্দী প্রাচীন দেশি মদের ঠেকে অভিযান চালাল রাজ্য আবগারি দফতর। আবগারি দফতরের প্রায় ২০-২৫ জন আধিকারিক পাঁচটি গাড়ি নিয়ে আচমকা ওই মদের দোকানে হানা দেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ওই ঠেকটি থেকে এক গাড়ি ভরতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মদের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে নকল মদ প্যাকেটজাত করার বেআইনি কাজ চলছিল।
এই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই নরসিংহবাঁধ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় একশো বছরের পুরনো এই দেশি মদের ঠেকটি যখন তৈরি হয়েছিল, তখন এলাকাটি জনবহুল ছিল না। কিন্তু বর্তমানে ঘনবসতিপূর্ণ এই এলাকায় এই মদের ঠেকটিকে কেন্দ্র করে প্রতিনিয়ত অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মদ বিক্রি এবং সংলগ্ন এলাকায় প্রকাশ্য মদ্যপানের জেরে মারামারি ও অভব্য আচরণের ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।
এলাকাবাসীর মূল ক্ষোভের কারণ, এই মদের ঠেক থেকে মাত্র ১০ মিটার দূরত্বের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন ওই রাস্তা দিয়েই স্কুলের খুদে পড়ুয়া এবং এলাকার মহিলারা যাতায়াত করেন, যার ফলে তাঁদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা দাবি তুলেছেন, শুধুমাত্র সাময়িক অভিযান বা মদ বাজেয়াপ্ত করেই যেন আবগারি দফতর দায়িত্ব শেষ না করে। জনস্বার্থে এই দেশি মদের ঠেকটি অবিলম্বে সিল করে কোনও ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার স্থায়ী ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।