সংবাদদাতা,আসানসোলঃ- পারিবারিক বিবাদ ও দীর্ঘদিনের অশান্তির জেরে চরম নৃশংসতার সাক্ষী থাকল আসানসোল। স্ত্রী ও ছেলের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ডিপুপাড়া ছাই রাস্তা এলাকায়। মৃতের নাম সুভাষ বার্মা (৫৬)। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি লেগে থাকত। প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত যুবক ও তার মা মাঝেমধ্যেই সুভাষবাবুর ওপর শারীরিক নির্যাতন চালাত। এর আগেও একাধিকবার তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। এমনকি মারধরের জেরে একবার তাঁর হাত ভেঙে যায় এবং আরেকবার মাথা ফেটে যায় বলেও দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং রাস্তার ওপর ফেলে মারধর করার মতো ঘটনাও অতীতে ঘটেছে।
অভিযোগ, এদিন ফের পারিবারিক বিবাদের জেরে সুভাষবাবুকে বেধড়ক মারধর করেন তাঁর স্ত্রী ও ছেলে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারী আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।