এই বাংলায় দক্ষিণ বাংলা

এটিএম জালিয়াতির পর্দাফাঁস, ব্যাংক কর্মীদের তাড়া খেয়ে জঙ্গলে চম্পট দুই প্রতারকের

By Eaibanglai - November 11, 2026
— Advertisement —
Advertisement
এটিএম জালিয়াতির পর্দাফাঁস, ব্যাংক কর্মীদের তাড়া খেয়ে জঙ্গলে চম্পট দুই প্রতারকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলে নিয়েও ‘টাকা বেরোয়নি’ বলে ভুয়া অভিযোগ দায়ের করে প্রতারণার ছক। তবে শেষরক্ষা হলো না। মহিলা সমবায় ব্যাংকের কর্মীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যাওয়ার উপক্রম হতেই চম্পট দিল দুই প্রতারক। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের খোঁজে সিটি সেন্টার সংলগ্ন নব ওয়ারিয়ার জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ব্যাংক সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সমবায় ব্যাংকের একটি এটিএম কাউন্টার রয়েছে। ব্যাংক কর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দুই যুবক বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড নিয়ে ওই কাউন্টারে এসে সন্দেহজনকভাবে টাকা তুলছিল। একদিন একাধিক কার্ড ব্যবহার করে মোট ৬০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর গত শনিবারও একই কায়দায় চারবার এটিএম কার্ড ব্যবহার করে ৪০ হাজার টাকা তুলে নেয় তারা।

অভিযোগ, টাকা তুলে নেওয়ার পরই ওই যুবকরা সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে গিয়ে দাবি করত যে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু এটিএম থেকে কোনো টাকা বেরোয়নি। এই মর্মে ব্যাংকগুলিতে লিখিত অভিযোগও জমা পড়ছিল। বিষয়টি নজরে আসতেই মহিলা সমবায় ব্যাংকের কর্মীদের সন্দেহ হয় যে, প্রযুক্তির কারসাজি বা লেনদেনকে হাতিয়ার করে পরিকল্পিতভাবে প্রতারণা চালানো হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই ফের একাধিকবার অন্য ব্যাংকের কার্ড নিয়ে ওই এটিএমে হাজির হয় অভিযুক্ত দুই যুবক। পরপর টাকা তোলার ঘটনায় সন্দেহ দৃঢ় হতেই ব্যাংকের মহিলা কর্মীরা সরাসরি এটিএম কাউন্টারের সামনে পৌঁছে যান এবং ওই দুই যুবককে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বেগতিক বুঝে এবং মহিলা কর্মীদের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে তারা।

ব্যাংক কর্মীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন এবং প্রতারকদের ধাওয়া করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তাড়া খেয়ে দুই যুবক সিটি সেন্টার সংলগ্ন নব ওয়ারিয়ার গভীর জঙ্গলে ঢুকে পড়ে। এরপরই গোটা জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পলাতক দুই প্রতারকের সন্ধানে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement