সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইস্কোর আবাসন খালি করানোকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত এবি টাইপ এলাকায়। ইস্কো কর্তৃপক্ষের দাবি, ওই এলাকার একটি আবাসন দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে এবং আগেই নোটিশ জারি করা সত্ত্বেও তা খালি করা হয়নি।
এদিন কর্তৃপক্ষের একটি দল আবাসনটি খালি করাতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং ইস্কোর আধিকারিক ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ, তবে শেষ পর্যন্ত এদিন আবাসনটি খালি করা সম্ভব হয়নি।
অন্যদিকে, আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই আবাসনের বাসিন্দারা। তাঁদের পাল্টা দাবি, তাঁরা কোনোভাবেই বেআইনি দখলদার নন এবং ওই আবাসনে বসবাসের জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র রয়েছে। আবাসনটির দখলদারি ও বৈধতা নিয়ে দু’পক্ষের পরস্পরবিরোধী দাবিতে এলাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।