সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধ ঘরের ভেতর জমাট বাঁধা ধোঁয়া আর বাইরে থেকে ভেসে আসা ধোঁয়ার কুণ্ডলীই শেষ পর্যন্ত প্রকাশ্যে আনল এক মর্মান্তিক পরিণতি। হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় বাড়ির ভেতর অগ্নিকাণ্ডে মৃত্যু হলো ৬৭ বছর বয়সী তপন কুমার কুণ্ডুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাই একসঙ্গে ওই বাড়িতে থাকলেও ঘটনার সময় তপনবাবুর স্ত্রী চিকিৎসার কারণে কলকাতায় মেয়ের বাড়িতে ছিলেন। দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভোগা ওই বৃদ্ধের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে তাঁর ভাই নমন কুমার কুণ্ডু দরজা খুলে দাদাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর থানার পুলিশ এবং তপনবাবুকে উদ্ধার করে পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রাথমিক অনুমান, তপনবাবুর সিগারেট খাওয়ার অভ্যাস ছিল এবং সম্ভবত জ্বলন্ত সিগারেট বিছানায় পড়ে গিয়েই আগুনের সূত্রপাত হয়; সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে এই অনুমানের সত্যতা এখনও নিশ্চিত নয়।
ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। কীভাবে আগুন লাগল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।