সংবাদদাতা,আসানসোলঃ- ঘর-সংসার ও দৈনন্দিন জীবনের চেনা গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরের সাফল্যের অনন্য নজির গড়লেন আসানসোলের গৃহবধূ রুনু বিশ্বাস। দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ডে আয়োজিত 'এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা'য় নিজের বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেছেন তিনি। তাঁর এই কৃতিত্বে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর তো বটেই, সামগ্রিকভাবে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল হয়েছে।
আসানসোলের ডিপো পাড়ার বাসিন্দা রুনু বিশ্বাসের স্বামী অপূর্ব বিশ্বাস ইসিএল-এর একজন পদস্থ আধিকারিক ছিলেন এবং সম্প্রতি অবসর নিয়েছেন। রুনুদেবী জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং দুই প্রশিক্ষকের উপযুক্ত নির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে। স্থানীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সফল হওয়ার পর রাজ্য ও জাতীয় স্তরে একের পর এক সাফল্য পান তিনি। এরপরই থাইল্যান্ডের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আসে তাঁর কাছে।
সাফল্যের এই পথ অবশ্য মোটেও মসৃণ ছিল না। রুনুদেবী নিজেই জানিয়েছেন, প্রতিযোগিতার ঠিক এক সপ্তাহ আগেও একটি বিশেষ কঠিন আসন কিছুতেই নিখুঁতভাবে করতে পারছিলেন না তিনি। তবে মানসিক জেদ ও অবিরাম অনুশীলনের জোরে শেষ পর্যন্ত সেই প্রতিবন্ধকতা জয় করেন।