সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শিল্পাঞ্চল আসানসোলে নারী নিরাপত্তা ও মহিলা ক্ষমতায়নকে আরও জোরদার করতে শুরু হলো ১০ দিনের একটি বিশেষ ‘কলরিপায়ট্টু’ (Kalaripayattu) প্রশিক্ষণ শিবির। আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তথা ‘আসানসোল স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এই আয়োজনকে কেন্দ্র করে গোটা শিল্পাঞ্চলে ব্যাপক উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
বুধবার আয়োজকদের পক্ষ থেকে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই শিবিরের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। আয়োজকদের তরফে জানানো হয়, এই শিবিরের মূল উদ্দেশ্য হলো মহিলা ও তরুণীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাঁদের আত্মরক্ষার বিভিন্ন কৌশলের সঙ্গে পরিচিত করা, যাতে প্রয়োজনে তাঁরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারেন।
এই বিশেষ শিবিরে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে নারী প্রশিক্ষণার্থীরা অংশ নিচ্ছেন। কেরল থেকে আসা বিশিষ্ট কলরিপায়ট্টু প্রশিক্ষক এবং ‘মাথরি মর্ম চিকিৎসা কলরি সেন্টার’ (MMC Kalari)-এর প্রধান অনিল কুমার এই যুদ্ধকলার প্রাচীন ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ‘কলরিপায়ট্টু’ শব্দটি মূলত দুটি শব্দের মিলন—‘কলরি’ অর্থাৎ অনুশীলনের আখড়া বা স্থান, এবং ‘পায়ট্টু’ যার অর্থ যুদ্ধ বা লড়াইয়ের কৌশল। প্রায় ৪,০০০ বছরের পুরনো ভারতের এই ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রধান দুটি ধারা রয়েছে—উত্তরী শৈলী (যা পরশুরামের ঐতিহ্যের সঙ্গে যুক্ত) এবং দক্ষিণী শৈলী (যা ঋষি অগস্ত্যের ঐতিহ্যের সঙ্গে যুক্ত)।
১০ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে আগামী ১০ অক্টোবর কলরিপায়ট্টুর একটি বিশেষ সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই প্রদর্শনীতে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করার জন্য বিশেষ আবেদন জানানো হয়েছে।