সংবাদদাতা,আসানসোলঃ- ঝাড়খণ্ডের জামতাড়া জেলায় সংঘটিত একটি লুটের ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই লুটকাণ্ডের কিনারা করতে গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের আসানসোলের যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ঘটনায় আগ্নেয়াস্ত্র ও লুট হওয়া গয়না-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, আসানসোলের সালানপুর থানা এলাকার এক নাবালককেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামতাড়ার মিহিজাম থানা এলাকার বাসিন্দা শিব কুমার পাসি (২৬) লুটের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১২ নভেম্বর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মিহিজাম থানায় (৮৩/২০২৬ নম্বর) একটি মামলা রুজু হয়। ঘটনার গুরুত্ব বিচার করে জামতাড়া পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম আতিশ কোয়েরি (২০), প্রেম গোরাই (৩৫) এবং সোম পাত্র (২০)। এছাড়া, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসানসোলের সালানপুর থানা এলাকার অচড়া গ্রামের এক নাবালককেও আটক করেছে পুলিশ।
তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দু'টি তাজা কার্তুজ, তিনটি মোবাইল ফোন এবং লুট হওয়া বেশ কিছু সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়েছে।
জামতাড়ার লুটকাণ্ডে সালানপুরের নাবালকের নাম জড়িয়ে পড়ায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় সক্রিয় আন্তঃরাজ্য অপরাধচক্রের যোগসূত্র নিয়ে নতুন করে চাঞ্চল্য ও প্রশ্ন উঠতে শুরু করেছে।