সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- কর্মরত অবস্থায় ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় গুরুতরভাবে ঝলসে গেলেন জিও ফাইবারের দুই কর্মী। দুর্গাপুরের স্টিল পার্ক সংলগ্ন এলাকার একটি হোটেলে ইন্টারনেট পরিষেবার কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে স্টিল পার্ক সংলগ্ন ওই হোটেলে কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন দুই কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে সায়ন নামে এক কর্মীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, অপর কর্মীর শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়েই বিধাননগরের মহকুমা হাসপাতালে ছুটে যান বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আহত দুই কর্মীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হচ্ছে। বিশেষ করে, আশঙ্কাজনক অবস্থায় থাকা সায়নের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে সমস্ত রকম আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেকোনো প্রয়োজনে দুর্ঘটনাগ্রস্ত দুই কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে, কর্মক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। কাজ করার সময় প্রয়োজনীয় সুরক্ষা বিধি মানা হয়েছিল কি না এবং কীভাবে এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।