সংবাদদাতা,আসানসোলঃ- প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়া এবং আলগা মাটির কারণে আসানসোলের কুলটি থানা এলাকায় ঘটে গেল এক পথ দুর্ঘটনা। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চিনাকুড়ি থেকে রানিগঞ্জগামী রুটের একটি যাত্রীবাহী মিনিবাস আচমকাই রাস্তার ধারে উল্টে যায়। এই দুর্ঘটনায় বাসে থাকা এক মহিলা এবং এক শিশু আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই আচমকা মিনিবাসটির সামনে একটি মোটরসাইকেল চলে আসে। ওই মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মিনিবাসের চালক ডানদিকে স্টিয়ারিং ঘোরান। চাকা রাস্তার নিচে নামতেই অতিবৃষ্টির কারণে নরম হয়ে থাকা মাটিতে বাসটি বসে যায়। এর পরেই চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটি রাস্তার ধারের খাদের দিকে উল্টে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং বাসের জানলা ও দরজা দিয়ে আটকে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং আহত মহিলা ও শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রবল বৃষ্টির কারণে রাস্তার ধারের মাটি নরম ও ধসে যাওয়ার মতো অবস্থায় ছিল। যার ফলে ভারী বাসের চাকা পড়তেই সেটি আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তবে চালকের তৎপরতায় বড়সড় কোনোও প্রাণহানি ঘটেনি বলেই মনে করছেন স্থানীয়রা।