সংবাদদাতা, আসানসোলঃ- পাঁচ সেকেন্ডের ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে আসানসোলের রূপনারায়ণপুরের ভিকি সিং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক যুবক বাসের লাঠি দিয়ে মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল। এদিকে দৃশ্যের নির্মমতা সামনে আসতেই অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে তৎপর হয় পুলিশ এবং হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্ক এলাকা থেকে জোড়বাড়ি এলাকার বাসিন্দা সুরজ প্রসাদকে(২২) গ্রেফতার করে। ধৃতকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়।
আসানসোলের সালানপুর থানা এলাকার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস এলাকায় গত অক্টোবর মাসের শেষ দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। স্থানীয় সূত্রে জানা যায় ভিকি বিবাহিত ছিলেন এবং তাঁর দুটি নাবালক সন্তান রয়েছে। তাঁর পুরো পরিবার দিল্লিতে বসবাস করলেও, তিনি মাঝেমধ্যে সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার হিন্দুস্তান কেবলসের একটি কোয়ার্টারে এসে থাকতেন। অভিযোগ ওই এলাকার মন্টু যাদব নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে ভিকির বিবাহবহির্ভূত সম্পর্ক বা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। এরই মধ্যে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভিকি মন্টু যাদবের বাড়িতে গেলে সেই খবর পেয়ে মন্টু বাড়িতে পৌঁছয় এবং অভিযোগ কয়েকজন পরিচিতকে সঙ্গে নিয়ে ভিকিকে ঘরের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ভিকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। ভিকির পরিবার খুনের অভিযোগ দায়ের করে এবং তদন্তে নেমে মন্টুর পরিচিত সুরেন্দ্র যাদব এবং দীপক যাদব নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে এই পাঁচ সেকেন্ডের ভিডিও ঘিরে রূপনারায়ণপুর থানা এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিকি হত্যাকাণ্ডে সুরজের ঠিক কী ভূমিকা ছিল, ভাইরাল ভিডিওর সঙ্গে ঘটনার যোগসূত্র কতটা এবং হত্যাকাণ্ডে আর কারা জড়িত, তদন্তে এখন সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে পুলিশ।