সংবাদদাতা,বাঁকুড়াঃ- রেলগেট নামানো থাকা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে রেললাইন পারাপার! বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বোরলবান্দি-সহ একাধিক রেলগেটে বন্ধ গেটের নীচ দিয়ে মাথা নিচু করে বা বাইক ঠেলে পারাপারের এমনই ভয়াবহ দৃশ্য সামনে আসায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। রেললাইনের দু’পাশে অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকলেও এক শ্রেণির মোটরবাইক চালকের এই বেপরোয়া প্রবণতায় যেকোনো মুহূর্তে বড়সড় প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অনেক ক্ষেত্রেই ট্রেন আসার বেশ কিছুক্ষণ আগে, কখনও আবার প্রায় আধ ঘণ্টা ধরে রেলগেট বন্ধ রাখা হচ্ছে। এর ফলে নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়ি ও অ্যাম্বুলেন্সও দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়ছে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার অজুহাতে এভাবে জীবন বাজি রেখে রেললাইন পারাপার কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন অনেকে।
একদিকে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করা এবং অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো—দুই দিকই সামলানোর দাবি তুলেছেন এলাকাবাসী। বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই রেল কর্তৃপক্ষ যেন দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকার বিষয়টি খতিয়ে দেখে এবং বিপজ্জনক পারাপার রুখতে রেল পুলিশের কড়া নজরদারি ও সচেতনতামূলক প্রচার বাড়ায়, সেই দাবিই জোরালো হচ্ছে জেলাজুড়ে।