আসানসোল ও দুর্গাপুরঃ- দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে বিশেষ এজেন্ট নিয়োগ প্রকল্প (বিমা সখী স্কিম) নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি (LIC)। এই প্রকল্পের মাধ্যমে গৃহবধূ ও শিক্ষিত মহিলারা সংসার সামলেও নমনীয় কর্মসময়ে কাজ করে আকর্ষণীয় কমিশনের পাশাপাশি তিন বছরে মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা পর্যন্ত মাসিক স্টাইপেন্ড বা ভাতা পাওয়ার সুযোগ পাবেন।
এলআইসি সূত্রে জানা গিয়েছে, ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ এবং ১৮ বছর বা তার বেশি বয়সি যেকোনো ভারতীয় মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে কোনো বেতনভুক্ত কর্মচারী বা নিয়মিত উচ্চ আয়ের পেশার সাথে যুক্ত হওয়া চলবে না এবং এলআইসি কর্মী বা এজেন্টের নিকটাত্মীয় হলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না। আইআরডিএ (IRDA)-র প্রাক-নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শাখা আধিকারিকের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
এই প্রকল্পে নিযুক্ত মহিলা এজেন্টদের প্রথম বছর মাসে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর জন্য বছরে অন্তত ২৪টি পলিসি এবং ৪৮ হাজার টাকার প্রথম বর্ষের কমিশন (FYC) সংগ্রহের শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, পলিসি বিক্রির ওপর নিয়মিত কমিশন ও ৪০ শতাংশ পর্যন্ত বোনাস কমিশনের সুবিধাও থাকছে। শুধু তা-ই নয়, টানা পাঁচ বছর সন্তোষজনক ব্যবসা করলে ভবিষ্যতে মাসিক প্রায় ৬৫ হাজার টাকা প্রারম্ভিক বেতনে এলআইসি-র 'ডেভেলপমেন্ট অফিসার' (Class II Officer) পদের জন্য আবেদন করারও সুবর্ণ সুযোগ মিলবে।